আজ রাত ১২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে হোর্হ সাম্পাওলির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির কারণে অনেক চাপ সহ্য করেই লড়তে হবে লিওনেল মেসিদের। এদিকে এখনো নিশ্চিত হয়নি দলের শুরুর একাদশ। তবে বড় পরিবর্তন যে একটা আসছে সেই খবর অনেকটাই নিশ্চিত। বিশেষ করে লেফট উইংয়ে ডি মারিয়ার জায়গায় তরুণ সম্ভাবনাময় ফুটবলার পাভনের খেলাটা মোটামুটি নিশ্চিত।
রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে পেনাল্টি মিসের ঘটনা অতিরিক্ত চাপ সৃষ্টি করে আছে মেসির উপর। তাই মেসির উপর কিছুটা চাপ কমাতে আসতে পারেন জুভেন্টাসে আলো ছড়ানো পাবলো দিবালাও। সেক্ষেত্রে মেক্সি মেজার অবস্থানে আসতে পারে পরিবর্তন। শুরু লাইনআপে থাকতে পারেন গঞ্জালো হিগুয়াইনও।
এছাড়াও মাঝমাঠে বিগলিয়ার পরিবর্তে মার্কোস আকুনাসহ বেশ কয়েকজনের নাম ভাবা হচ্ছে। পরিবর্তন আসবে ফরমেশনেও। গত ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনের বদলে দলটি খেলতে পারে ৩-৩-৩-১ অথবা ৪-৩-৩ ফরমেশনে ।
বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প খুব একটা হাতে নেই সাম্পাওলির। তাই যেকোনো উপায়ে শক্তির প্রদর্শনী ঘটাতে চান সফল এই কোচ। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকান দেশ নাইজেরিয়া।
ইত্তেফাক/এএম