মেহেরপুরে শিশু ধর্ষণকারী দাউদ হোসেন অবশেষে গ্রেফতার

মেহেরপুর জেলা শহরের তাঁতিপাড়ায় (হঠাৎ পাড়া) ১০ বছরের শিশুকন্যা ধর্ষণকারী দাউদ হোসেনকে অবশেষে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত দাউদ হোসেন শহরের তাঁতিপাড়ার কাসেদ হোসেনের ছেলে। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো এবং অন্যায়ভাবে নিরীহ যুবকদের ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাংনী উপজেলার রাধিকা বালির মাঠ গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের বাসিন্দা অভিযুক্ত দাউদের দুলাভাই মিয়ারুলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানায় নেওয়া হয়।

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, দাউদ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। সে আদালতে দোষ স্বীকার না করলে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার রাত ১০টার দিকে প্রতিদিনের ন্যায় ধর্ষণের শিকার মেয়েটি তার বড় চাচার বাড়িতে ঘুমাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী দাউদ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তার বাড়িতে রাতভর ধর্ষণ শেষে সকালে ছেড়ে দেয়।

মেয়েটির পরিবারের লোকজন রাতভর অনেক খুঁজেও পায়নি। পরদিন সকালে তারা মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়। ওইদিনই মেহেরপুর সদর থানায় দাউদ হোসেনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

অপরদিকে ঘটনার পর থেকে দাউদ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ মিছিলসহ পৌর মেয়রের কাছে বিচারের দাবি জানিয়েছে। এলাকাবাসী একত্রিত হয়ে কয়েকবার দাউদ হোসেনকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছিল।

ইত্তেফাক/নূহু