আকিজ স্কুলের পুনর্মিলনী, আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলছে রাশিয়ায়। সারাবিশ্বই বিশ্বকাপ জ্বরে ভুগছে। এ দেশেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কমতি নেই। এর অংশ হিসেবে গত রবিবার যশোরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনীতে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থক দল অংশ নেয়। নব্বই মিনিটের এই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলকে।
 
ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরেই মাঠে নামেন সমর্থক খেলোয়াড়রা। মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। সন্ধ্যায় যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
 
প্রধান অতিথির বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি আয়োজন করা উচিত। একমাত্র খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে মাদক থেকে ফেরানো সম্ভব। আমরা যতক্ষণ খেলার জন্য মাঠে থাকলাম ততক্ষণ আমরা সকলে মাদক থেকে বিরত থাকলাম। এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা সবার সামনে তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান এই সংসদ সদস্য।
IMG0
আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এম কামরুজ্জামানের সভাপতিত্বে নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ইনচার্জ এনামুল হক মনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য কাশেম সিকদার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা নাসির উদ্দীন, উজ্জ্বল হোসেন, জসিম উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাস, আরএ অনিক, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, আসাদুজ্জামান তনি, জুবায়ের খান শিমুল প্রমুখ।
 
এর আগে রবিবার বিকেল চারটায় আকিজ কলেজিয়েট স্কুলের মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। খেলার ধারাভাষ্য করেন সাংবাদিক আলমগীর হোসেন। আয়োজক ছাত্রদের পক্ষ থেকে আর্জেন্টিনা সমর্থক আরিফ আজহার বলেন, ঈদ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের এই আয়োজন।
IMG1
একই অভিমত ব্যক্ত করেন ব্রাজিলের সমর্থক দলের খেলোয়াড় ও এই ম্যাচের আয়োজক নাজমুল হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা ভালো খেলে হেরেছি। কিন্তু সত্যিকারের বিশ্বকাপ টুর্নামেন্টে ব্রাজিল ভালো খেলবে।’
 

ইত্তেফাক/এএম