রাসিক নির্বাচনে আগাম প্রচারণার বিরুদ্ধে অভিযানে ইসি

ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই সম্ভাব্য প্রার্থীদের প্রকাশ্য প্রচারণা চালানোর বিরুদ্ধে অভিযানে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজশাহী মহানগর পুলিশ এবং সিটি করপোরেশনের সহায়তায় এই অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন।
 
অভিযানে মহানগরীতে থাকা সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা এবং পোস্টার অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান।
 
তিনি জানান, গত ১৩ জুন রাজশাহীসহ তিনটি সিটি নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সামগ্রী অপসারণের নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। এ নির্দেশনায় ২০ জুন রাত ১২টার মধ্যে সকল প্রার্থীদের তার প্রচার সংক্রান্ত সামগ্রী অপসারণের নির্দেশ দেয়া হয়। সে নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের চিঠিও দেয়া হয়।
 
চিঠিতে বুধবার রাত ১২টা পর্যন্ত ওইসব অবৈধ নির্বাচনী প্রচারণামূলক সামগ্রী অপসারণের সময় বেঁধে দেয়া হয়েছিল। বেঁধে দেয়া সময় অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করা হয় বলে জানিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার।
 
ইত্তেফাক/এএম