রাজবাড়ীর পাংশায় গাছ চুরি মামলায় পাংশা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ সাবেক সভাপতি দিবালোক কুন্ডু জীবন এবং জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক গোলাম ছরোয়ার ঠান্ডুকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন ওই দুই নেতা। এ সময় তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাছিমা মুনমুন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, বাদীর বাবা ও চাচার নিজ রেকর্ডীয় সম্পত্তি থেকে ২৫টি মেহগনি গাছ, ১০টি জাম গাছ, ২টা সেগুন গাছ কাটে বিবাদী দুজন। গাছগুলোর আনুমানিক মূল্য দশ লাখ টাকা।
ওই দিনই বাদী লোক মারফত জানতে পারেন তার মূল্যবান গাছ কাটা হচ্ছে। এ সংবাদে দ্রুত ঘটনাস্থলে পৌঁছুলে বাদী দেখতে পান তার মূল্যবান গাছগুলো পাচারের উদ্দেশ্যে ট্রাক যোগে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাদী বাধা দিলে তাকে আওয়ামী লীগ নেতার হুকুমে অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। তারপর জবরদখল পূর্বক গাছগুলো নিয়ে যায়।
এ ঘটনায় গত ২০১৭ সালের ১৫ নভেম্বর রাজবাড়ীর জুডিশিয়াল ম্যজিস্ট্রেট ২ নং আমলী আদালতে পাংশা উপজেলার পাট্টা ইউপির নিভা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোঃ মাসুক আহম্মেদ বাদী হয়ে ওই দুই ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/নূহু