মোরেলগঞ্জে মাদকাসক্ত সন্ত্রাসীদের হামলায় ১০ স্কুলছাত্র আহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকিতলা গ্রামে মাদকাসক্ত সন্ত্রাসীদের দুই দফা হামলায় এক স্কুলছাত্রসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কাওছার (৩৫), মিজানুর রহমান (৩৮), আরিফুল ইসলাম নিপু (৪০), মধু হাওলাদার (৪২), হেমায়েত হোসেন (৫২), মোয়াজ্জেম হোসেন (৫৫) ও স্কুল ছাত্র পারভেজকে (১৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন কাওছারের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শুক্রবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে মংলা টিএ ফারুক মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র পারভেজ বাড়ি থেকে মংলা যাচ্ছিল। পথিমধ্যে হরতকিতলা গ্রামের খলিফা বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা ভাষন্ডা গ্রামের শহিদুল ইসলাম ও হরতকিতলা গ্রামের আসাদুল কাজীর নেতৃত্বে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত পারভেজকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সন্ধ্যা ৭টা দিকে এসব মাদকাসক্ত সন্ত্রাসীরা দ্বিতীয় দফায় পারভেজের হরতকিতলার বাড়িতে সশস্ত্র হামলা চালায়। জমি-জমা সহ অন্যান্য শত্রুতার জের ধরে এদের নেতৃত্বে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা রামদা, চাইনিজ কুড়াল ,স্যানি দিয়ে কুপিয়ে কাওছার, মিজানুর, আরিফুল, মধু, হেমায়েত হোসেন (৫২), মোয়াজ্জেমসহ আরো ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

সন্ত্রাীদের কোপে কাওছারের বাম হাত ও বাম পা প্রায় বিচ্ছিন্ন। আহতদের রাতে মোরেলগঞ্জ হাসাপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্কুলছাত্র পারভেজের পিতা আবুল হোসেন বাদী হয়ে ভাষন্ডা গ্রামের মৃত হাচেন শেখের পুত্র শহিদুল ইসলাম, হরতকিতলা গ্রামের নূর মোহাম্মদের পুত্র আসাদুল কাজী, শহিদুল কাজী, মো. মুসা সহ ২৩ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ পরিদর্শক(তদন্ত) আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইত্তেফাক/নূহু