চৌগাছায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় হোসেন আলী (৪০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। হোসেন আলী উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মৃত তোরাব আলীর জামাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঝিকরগাছা-চৌগছা সড়কের পলুয়া গ্রামের জামে মসজিদের কাছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, হোসেন আলী পলুয়া গ্রামেই থাকতেন। জানা যায়, শুক্রবার সকালে তার শাশুড়ির লাশ দাফন শেষে পারিবারিক প্রয়োজনে বেলা ১২টার দিকে ছুটিপুর বাজারে যান। সাড়ে ১২টার সময় সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় হোসেন আলী পলুয়া গ্রামের জামে মসজিদের নিকট পৌঁছুলে পিছন থেকে চৌগাছাগামী যাত্রীবাহী যশোর-ব ১২৩১ নং বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাসের ধাক্কায় একই গ্রামের রিজাউল ইসলাম নামের অন্য এক পথচারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটির চালক উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত হাসেম দফাদারের ছেলে আলম পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনগণ বাসটি ভাংচুর করে।

চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু