পিছিয়ে পড়েও সুইজারল্যান্ডের কাছে হেরেছে সার্বিয়া। শুক্রবার রাতে ই গ্রুপের এই ম্যাচে সুইসরা জয় পেয়েছে ২-১ গোলে। কোস্টারিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করা সার্বিয়ার নকআউটপর্বে যাওয়ার আশা তবুও বেঁচে আছে।
এক জয় ও এক ড্র’তে এই গ্রুপে সমান চার পয়েন্ট করে অর্জন ব্রাজিল ও সুইজারল্যান্ডের। তবে ব্রাজিল গোল ব্যবধানে এগিয়ে থাকায় রয়েছে শীর্ষে। অপরদিকে সার্বিয়ার অর্জন তিন পয়েন্ট। এই তিনটি দলই এখনও টিকে আছে নকআউটপর্বে যাওয়ার দৌড়ে। আর কোস্টারিকার খাতা শূন্য, দলটির আর পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা নেই। এই গ্রুপে শেষ ম্যাচে আগামী বুধবার ব্রাজিল খেলবে সার্বিয়ার বিপক্ষে। একইদিনে শেষ ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কোস্টারিকা।
সুইসদের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলেকসান্দার মিত্রোভিচের গোলে শুরুতেই এগিয়ে যায় সার্বিয়া। পরে গ্রানিত জাকা ও জরদান সাকিরি সুইজারল্যান্ডের পক্ষে দুটি গোল করে জয় এনে দিয়েছেন। খেলার ৫ মিনিটেই দুসান তাদিচের ক্রসে পাওয়া বলে দারুণ হেডে গোল করেন মিত্রোভিচ। এই নিয়ে চলতি আসরে টানা ২৬ ম্যাচেই গোল হলো। স্পর্শ করল ১৯৫৪ আসরের সর্বোচ্চ টানা ২৬ ম্যাচে গোলের রেকর্ড।
এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে সুইজারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর ৫৪ মিনিটে সুইসদের সমতায় ফেরান জাকা। এ সময় সাকিরির শট এক ডিফেন্ডারের মুখে লেগে ফিরলে পেয়ে যান আর্সেনালের এই মিডফিল্ডার। ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে বল পাঠান জালে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সাকিরি দলটির পক্ষে জয়সূচক গোল করেন। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দেন তিনি।
ইত্তেফাক/কেআই