ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক কিশোরীকে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগে মানব পাচার আইনে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন নাজমা বেগম (৩০) ও তার স্বামী রফিকুল ইসলাম মুন্সী (৩৭)।
কিশোরীর মা জানান, আমার মেয়েকে চাকরি দেয়ার কথা বলে প্রতিবেশী নাজমা ফুসলিয়ে ঢাকায় নিয়ে যায়। এই বিষয়টি সন্দেহ হলে পুলিশকে অবহিত করি। পরে তাদের আটক করলে তারা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে এবং বরিশালে আছে বলে জানায়। আমার মেয়েকে নেত্রকোণার একটি পতিতাচক্রের কাছে বিক্রি করে দেয়ার চেষ্টা করেছিল তারা জানিয়েছে। পরে মেয়েকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান জানান, কিশোরীকে চাকরি দেয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে যায় নাজমা ও তার স্বামী রফিক। পরে আমরা তাদের আটক করে
জিজ্ঞাসাবাদ করলে কিশোরী কোথায় আছে তারা বলেন। পরে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। আটকৃত দুই আসামিকে বৃহস্হপতিবার জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তদন্ত চলছে। যদি আরো যদি কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/কেআই