তানোরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর তানোরে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে (৩৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। আজ শনিবার সকালে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মালশিরা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে চৌবাড়িয়ার মালশিরা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে দুই কেজি গাঁজাসহ আশরাফুলকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় র‌্যাব-৫ এর এসআই আমিনুল ইসলাম শুক্রবার তাকে তানোর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। 
 
তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে