সিরাজগঞ্জে শনিবার ভোর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সকালে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সিরাজগঞ্জ: সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন নিহত হয়েছেন। তিনি মাদক পল্লী খ্যাত মাহমুদপুর রেলওয়ে কলোনি পূর্বপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। এসময় ঘটনাস্থল থেকে রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক জয়দেব কুমারসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার ভোর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে মাহমুদপুর মাঠে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক বিক্রেতা জাহাঙ্গীরকে উদ্ধার করা হয়। তাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): পুলিশ শনিবার সকালে ওল্টু নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে। তার নামে ১০টি মাদক মামলা রয়েছে। এসআই মহাব্বত আলী জানান, ওল্টু শীর্ষ মাদক ব্যবসায়ী। তবে কে বা কারা ওল্টুকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেন নি তিনি।
ইত্তেফাক/আরকেজি