ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ কেজি গাঁজাসহ গাড়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫২ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হাশেমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এ মাদকবোঝাই গাড়িটি আটক করে।

বিজিবি জানায়, আটক  পিকআপটিতে মালামাল রাখার জায়গায় মাছের ক্যারেটের ভিতরে কৌশলে গাঁজা পাচার করছিল মাদক ব্যবসায়ীরা। পরে মাছের ক্যারেট খুলে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তারা আমাদের উপস্হিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। তাই গাড়ির চালকসহ মাদক ব্যবসায়ীদের আটক করা যায়নি।

বিজয়নগর থানার (ওসি) মো. আলী আরশাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

ইত্তেফাক/নূহু