নাটোরের দত্তপাড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সাগর হোসেন। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক। শনিবার সকালে সদর উপজেলার দত্তপাড়া এলাকার আব্দুল মজিদের বাঁশ বাগান থেকে সাগর হোসেনের লাশ উদ্ধার করা হয়। সাগর হোসেন ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও নিহতের মা রহিমা বেগম জানান, গতকাল শারীরিক সমস্যার কারনে সাগর অটো চালাতে বের হননি। রাতে সাগর তার মায়ের কাছে ১শ টাকা চান। কিন্তু দরিদ্র মা সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় সাগর তার মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে আর সাগর ফিরে আসেননি।
রাতে বাড়ির আশেপাশে তার খোঁজ খবর করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে এলাকাবাসী সাগর হোসেনের বাড়ির অদূরে আব্দুল মজিদের বাঁশ বাগানের ভিতর একটি লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সাগর হোসেনের মা লাশটি দেখে তার ছেলের বলে সনাক্ত করেন।
লাশটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু