পল্টনে কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর পল্টনের একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আল-আমিন (১৭)। শনিবার দুপুরে পুলিশ খবর পেয়ে পুরানা পল্টনের ৪০/১ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
 
পল্টন থানা পুলিশ জানিয়েছে, আল-আমিন ফকিরাপুল কোমর গলি এলাকায় একটি ছাপা কারখানায় কাজ করতো। পাশাপাশি সে ওই এলাকায় মাদক ব্যবসা করতেন। গত শুক্রবারও তাকে ওই এলাকায় দেখা গেছে। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। 
 
পুলিশ আরও জানিয়েছে, আল-আমিনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ নিশ্চত হতে পারেনি। 
 
এদিকে, শনিবার সকালে মগবাজার ওয়ারলেস রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ (৫৫) গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআই