মুক্তাগাছায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

 
ময়মনসিংহের মুক্তাগাছায় আকলিমা খাতুন (২০) নামের এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আকলিমার স্বামী আনোয়ার হোসেন (২২) পলাতক রয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পয়ারকান্দি পাড়াটঙ্গি এলাকায় আকলিমার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
আকলিমার পরিবারের বরাত দিয়ে মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার ওয়াজেদ আলী জানান, মুক্তাগাছার পয়ারকান্দির বাসিন্দা জালাল উদ্দিনের মেয়ে আকলিমা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করত। আকলিমার স্বামী ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারির বাসিন্দা চান্দুমিয়ার পুত্র আনোয়ারও ঢাকায় চাকুরী করতো। দেড় বছর আগে সেখানেই প্রেমসূত্রে তাদের বিয়ে হয়। সম্প্রতি ঈদের ছুটিতে তারা মুক্তাগাছায় আসে।
 
এসআই ওয়াজেদ আরো জানান, আকলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। আজ রবিবার সকালে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ