দেবিদ্বারে রবিবার ভোরে মাদকাসক্ত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মাদকাসক্ত যুবকের নাম মো. সোহেল মিয়া (২৮)। তিনি দেবিদ্বার পৌর এলাকার ১নং ওয়ার্ডের মরিচাকান্দা পূর্ব পাড়া চর্তাকান্দি গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশের ধারণা, নেশা করার পর সহপাঠীদের সঙ্গে কথা কাটাকাটি অথবা মাদক কেনাবেচার লেনদেন সংক্রান্ত বিষয়ে বনিবনা না হওয়ায় রাতের কোন এক সময় তাকে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
জানা যায়, নেশার টাকা দিতে না পারায় ২০১৫ সালের ১ অক্টোবর প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে নিজের বাবা মো. ইউনুছ মিয়াকে হত্যা করেছিলেন সোহেল। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বাবাকে হত্যার কথা স্বীকার এবং এর দায়ে প্রায় ১৩ মাস কারাভোগ করেন। তিনি প্রায় ১ বছর আগে জেলহাজত থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পরপরই সোহেল পুনরায় বেপরোয়া হয়ে উঠেন। পরে মরিচাকান্দা মসজিদ মার্কেটে ডেকোরেটর ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা ও সেবনে সক্রিয় হয়ে উঠেন। তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধারের স্থান থেকে গাঁজা ও সেবনের উপকরণ পাওয়া গেছে। সোহেল যাদের সঙ্গে মাদক সেবন ও কেনাবেচা করতো তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।
ইত্তেফাক/আরকেজি