জলঢাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নীলফামারীর জলঢাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ওই গৃহবধূর নাম মোমেনা বেগম (২২)। তিনি পৌরসভার বগুলাগাড়ী ৩নং ওয়ার্ডের আব্দুল মালেকের স্ত্রী। 
 
রবিবার সকালে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মৃত্যুকে ঘিরে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্যাতন করে মোমেনাকে হত্যা করা হয়েছে। তবে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাক্তার দেবাশীষ সরকার সাংবাদীকদের বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। 
 
তিনি আরও জানান, বাহ্যিক ভাবে ওই গৃহবধূর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নাই। তার পিতা আমিনুর রহমান বলেন, আমার মেয়েকে তার স্বামী আব্দুল মালেক পরিকল্পিত ভাবে নির্যাতন করে হত্যা করেছে। তিনি আরও জানান, আমার মেয়েকে হাসপাতালে দেখতে গেলে জামাতা মালেক আমাকে মারধর করে। 
 
নিহত গৃহবধূর স্বামী আব্দুল মালেকের সাথে কথা হলে তিনি বলেন, মোমেনা দুদিন আগে বাবার বাড়ি থেকে এসে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়।
 
জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ডাক্তারের সাথে কথা বলে জানা যায় অসুস্থতার জন্যই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরিষ্কার বোঝা যাবে।
 
ইত্তেফাক/এমআই