সাভারে মাদকবাহী পিকআপ চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সাভারে দ্রুত গতির একটি মাদকবাহী পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপের ইঞ্জিনের ভিতর বিশেষভাবে লুকিয়ে রাখা পাঁচশত পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। 
 
রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে সড়ক দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
 
নিহত মোটরসাইকেল চালকের নাম আবুল হাশেম (৩৫)। তিনি শরিয়তপুর জেলার নড়িয়া থানা এলাকার মৃত হাকিম বেপারীর ছেলে। তিনি সাভারের জয়নাবাড়ি এলাকায় স্ত্রী সন্তান নিয়ে একটি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
 
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিহত আবুল হাশেম এবং জাভেদ মিয়া দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সাভার থেকে ঢাকায় যাচ্ছিলেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি মাদকবাহী পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে মহাসড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই মারা যায় চালক আবুল হাশেম। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী জাভেদ মিয়াকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়রা পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করলেও এর চালক কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপ ভ্যানটির ভিতর থেকে পাঁচশত পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
  
অপরদিকে শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। 
 
ইত্তেফাক/এমআই