গাইবান্ধা সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত পরেশ চন্দ্র (৪৮) আন্তজেলা ডাকাত দলের সদস্য।
এসময় তার ছোট ভাই ভবেশ চন্দ্র (৪৫) গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর রাতে উপজেলার গোদারঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পরেশ সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য পরেশ চন্দ্র ও তার ভাই ভবেশ চন্দ্রের সঙ্গে অপর ডাকাত দল শৈলাস চন্দ্র গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার ভোর রাতে ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় শৈলাস ও তার পক্ষের লোকজন পরেশ ও তার ভাই ভবেশকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে পরেশ মারা যান ও ভবেশ আহত হন।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়া জানান, ডাকাতদলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরেশের লাশ ও ভবেশকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভবেশকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়।
তিনি আরও জানান, পরেশ, তার ভাই ভবেশ এবং শৈলাস আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি