চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত মাদক ব্যবসায়ী কাউয়ুম (২৮) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। এরআগে রবিবার রাতে উপজেলার চৌকা মনাকষা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল চৌকা মনাকষা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজের (৪২) বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী ফিরোজ, কাউয়ুম ও সনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় ফিরোজ ও কুদ্দুসের ছেলে কাউয়ুম গুলিতে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কাউয়ুম মারা যান।
জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসাইনের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে রবিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গুলিবিদ্ধ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইত্তেফাক/আরকেজি