টাঙ্গাইলের দেলদুয়ারে নেশাগ্রস্ত বখাটের চাপাতির আঘাতে ছালাম মিয়া (২৬) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। ঘটনাটি ঘটেছে গত ২২ জুন দেলদুয়ারের বারপাখিয়া লৌহজং নদীর পাড়ে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামি আসাদ খান (২৮) ও সোহেল খান (২৭) পলাতক রয়েছে।
মামলার বিবরণ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আসামিদ্বয় নেশাগ্রস্ত ও বখাটে। তারা রাস্তাঘাটে নারীদের উত্যক্ত করে। ঘটনার চারদিন আগে ছালাম মিয়া ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আসামিদের সঙ্গে বাক বিতণ্ডা হয়। ঘটনার দিন ছালাম মিয়া তার পাটক্ষেতে কাজ করছিলেন। এ সময় আসামি আসাদ খান হঠাৎ এসে চাপাতি দিয়ে তাকে কোপাতে থাকে। অপর আসামি সোহেল খান তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুজ্জামান বলেন, মামলার তদন্ত চলছে। আসামিরা বখাটে। বর্তমানে তারা পলাতক।
ইত্তেফাক/নূহু