মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে দলের খেলোয়ারদের তাতিয়ে দিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে দেখা করার জন্য অনুরোধ জানিয়েছেন দেশটির কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।
ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হবার পর দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য নাইজেরিয়ার বিপক্ষে অবশ্যই আর্জেন্টিনার জয়লাভ করতে হবে।
'ক্ষুব্ধ এবং হতাশ' ম্যারাডোনা আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সমালোচনা করেছেন।
১৯৮৬ সালে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা সে বছর সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরষ্কার পেয়েছেন।
ম্যারাডোনা বলেছেন, তিনি ইয়র্গে সাম্পোলির খেলোয়াড়দের সাথে দেখা করতে চান এবং তাঁর সাথে আর্জেন্টিনার আরো কয়েকজন সাবেক খেলোয়াড়কে নিয়ে যেতে চান।
ভেনিজুয়েলার এক টিভি চ্যানেলকে ম্যারাডোনা বলেন, ‘আমরা আমাদের সম্মান রক্ষা করতে চাই। আমি ভেতরে ভেতরে ক্ষুব্ধ এবং ভীষণ হতাশ। যারা দেশের জার্সি পরিধান করবে তাদের কেউ চায় না সেটি পদদলিত হোক।
ইয়র্গে সাম্পোলিকে কোচ হিসেবে নিয়োগ করার জন্য আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্টের উপর বেজায় ক্ষেপেছেন ডিয়েগো ম্যারাডোনা।
ম্যারাডোনা অভিযোগ করেন, সাম্পাওলি কম্পিউটার, ড্রোন এবং ১৪জন সহকারী নিয়ে যখন কাজে যোগ দিলেন তখন সবাই সেটি মেনে নিয়েছে।
ইত্তেফাক/রেজা