খুলনায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ইয়াবাসহ বাবু শেখ নামে (২৫) এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর দেয়ানার বাড়ি থেকে র‌্যাব-৬ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।
 
গেফতারকৃত বাবু শেখের বিরুদ্ধে নগরীর সরকারি বিএল কলেজের ছাত্র শিপলু হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
 
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা জানতে পারে খুলনা মহানগরীর দেয়ানার একটি বাড়িতে অস্ত্র, গুলি ও মাদকসহ সন্ত্রাসী বাবু শেখ অবস্থান করছে। উক্ত খবরের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর দেয়ানার নিজ বাড়ি থেকে সন্ত্রাসী বাবু শেখকে গ্রেফতার করা হয়। 
 
এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী এশটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার বাবু শেখের বিরুদ্ধে নগরীর সরকারি বিএল কলেজের ছাত্র শিপলু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে নগরীর দেয়ানার মো. আমীর আলীর ছেলে। উক্ত ঘটনায় সোমবার বিকালে বাবু শেখের বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু