ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা বাজার এলাকায় সোমবার ভোরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় আব্দুল মালেক রনি (৩৫) এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
নিহত রনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার বেলাহাটা এলাকার সোলেয়মান হোসেনের ছেলে।
আহতরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার লক্ষ্মীমারাই গ্রামের বিধু ভূষনের ছেলে কালিদাস চন্দ্র, রংপুরের নারায়ণপুর এলাকার নান্নু মিয়ার স্ত্রী বিউটি বেগম ও তার ৬ মাস বয়সের এক শিশুকে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোঃ আকতারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী যাত্রীবাহী বাসটি ওই এলাকায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
ইত্তেফাক/নূহু