বিভিন্ন ক্রয়, মেরামত ও সংরক্ষণ বাবদ খরচ দেখিয়ে অধিক বিল উত্তোলনের অভিযোগে সরকারি যানবাহন অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
সোমবার দুদকের হট লাইনে ১০৬ (অভিযোগকেন্দ্র) আগত অভিযোগের ভিত্তিতে একটি টিম রাজধানীর সচিবালয় সংলগ্ন আব্দুল গনি রোডস্থ সরকারি যানবাহন অধিদপ্তরে আকস্মিক অভিযান চালায়। দুদকের উপপরিচালক ওয়াকিল আহমেদের নেতৃত্বে পুলিশসহ ছয় সদস্যের একটি টিম এ অভিযান চালিয়েছেন বলে দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য ইত্তেফাককে জানান।
দুদক জানায়, সোমবার বেলা ১১টার দিকে দুদক টিম সরকারি যানবাহন অধিদফতরে যান। সেখানে গিয়ে টিমের কর্মকর্তারা সরকারি যানবাহন অধিদফতরে ২০১১-১২ হতে ২০১৭-১৮ অর্থ বছরে মেরামত সংক্রান্ত ব্যয়ের বাজেট, প্রকৃত খরচ এবং ক্রয় সংক্রান্ত তথ্য উপাত্ত খতিয়ে দেখেন। এর তারা পরিবহন পুলের কমিশনারের সঙ্গে স্বাক্ষাত করে আলোচনা করেন।
এ সময় পরিবহন পুলের কমিশনার জানান, বর্তমানে বাজার দর যাচাইপূর্বক ফ্রেইমওয়ার্ক পদ্ধতিতে কম মূল্যে কেনা হচ্ছে। তিনি দুদক টিমকে আরও জানান, সারাদেশে সমস্ত গাড়ির মনিটরিং এর জন্য সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারি অর্থ অধিকতর সাশ্রয় করা সম্ভব।
এদিকে, এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, কমিশনের অভিযোগকেন্দ্র হটলাইন (১০৬)- এ প্রাপ্ত অভিযোগের মাধ্যমে সরকারি দফতরসমূহে সুশাসন প্রতিষ্ঠায় দুদক এ জাতীয় অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/এমআই