নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুরের পানিতে ডুবে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সামছু উদ্দিন সৃজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে। সামছু উদ্দিন ফেনী জেলার সদর উপজেলার সুন্দরপুরের আফতাব হাট এলাকার ইমাম উদ্দিন সবুজের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সামছু উদ্দিন ও তার ৩ সহপাঠী ক্যাম্পাসের ভিতর একটি পুকুরে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে যান। তাকে পানি থেকে উঠতে না দেখে সহপাঠীরা খুঁজতে শুরু করে। না পেয়ে তাৎক্ষনিক বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে জানায়।
খবর পেয়ে শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। পুলিশ ও জেলা শহরের ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। এ সময় স্থানীয় লোকজন দিয়ে পুকুরে জাল ফেলে সামছু উদ্দিনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে ফায়ার সাভির্স কর্মীরা এসে জাল ফেলে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুকুরের ঘাটলার শেষে সিড়ির নিচ থেকে সামছুর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেনারেল হাসপাতালের আরএমও ছৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, পুকুরের পানিতে সামছু উদ্দিনের মৃত্যু হয়েছে। এ দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আরো জানান, ঘটনাটি সামছু উদ্দিনের বাবাকে জানানো হয়েছে।
ইত্তেফাক/নূহু