রাজশাহীর চারঘাটে ৫ বছরের শিশু দেব সরকারকে হত্যার দায়ে গর্ভধারীনি মা আরতি রাণী ও সৎ বাবা অনিল কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে চারঘাট থানার পুলিশ আরতি রাণীকে গ্রেফতার করে। এর আগে গত ১৮ জুন আরতি রাণীর বর্তমান স্বামী অনিল কুমারকে গ্রেফতার করা হয়। স্বামী-স্ত্রীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে দুই বছর পর শিশু দেব সরকার হত্যার রহস্য বেরিয়ে আসে।
জানা যায়, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর উপজেলার নন্দনগাছি বরকতপুর পোড়াভিটা গ্রামের কবরস্থান থেকে ৫ বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর আরতি রাণীর আগের স্বামী শম্ভু সরকার ওই লাশটি নিজের ছেলে দেব সরকারের লাশ দাবি করে চারঘাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে পরিচয় নিয়ে মতবিরোধ দেখা দিলে পুলিশের উদ্যোগে লাশের ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়, লাশটি শম্ভু সরকারের ছেলে দেব সরকারেরই।
এ নিয়ে টানা দুই বছর তদন্তের পর গত ১৮ জুন আরতি রাণীর বর্তমান স্বামী অনিল কুমারকে পুলিশ গ্রেফতার করে। পরে অনিল কুমার ১৬৮ ধারায় পুলিশকে প্রদত্ত জবানবন্দীতে শিশু দেব হত্যার দায় স্বীকার করে। সে পুলিশকে বলেন, তার (অনিল) চতুর্থ স্ত্রী আরতি রাণীর সঙ্গে পরামর্শ করেই আরতীর গর্ভজাত আগের স্বামীর সন্তান শিশু দেব সরকারকে বিষ প্রয়োগে হত্যা করা হয়।
অনিল পুলিশকে আরও জানায়, শম্ভু সরকারের সঙ্গে আরতি রাণীর বিবাহ বিচ্ছেদ ও তার (অনিল) সঙ্গে বিয়ের পর শিশু দেব সরকার তার নানীর কাছে থাকতো। এক পর্যায়ে আরতি ও অনিল পরিকল্পনা করে শম্ভু সরকারকে ফাঁসানোর জন্য শিশু দেব সরকারকে হত্যার ছক তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী আরতি তার মায়ের কাছ থেকে শিশু দেবকে অনিলের বাড়িতে নিয়ে আসে। এক পর্যায়ে ২০১৬ সালের ৯ ডিসেম্বর দুধের সাথে বিষ খাইয়ে শিশু দেব সরকারকে হত্যা করা হয়।
অনিল কুমারের এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দীর পর পুলিশ শিশু দেব সরকারের গর্ভধারীনি মা আরতি রাণীকে সোমবার গ্রেফতার করে।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, অনিল কুমার ও আরতি রাণী শিশু দেব সরকারকে পরিকল্পিতভাবে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনার মধ্য দিয়ে শিশু দেব সরকারের চাঞ্চল্যকর হত্যা রহস্য উদঘাটিত হয়েছে।
ইত্তেফাক/নূহু