রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে শেষ ম্যাচে লড়ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও পর্তুগাল। এর মধ্যে প্রথমার্ধের খেলা শেষে ইরানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে পর্তুগাল। অপরদিকে মরক্কোর সঙ্গে ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সোমবার রাত ১২টায় ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে ম্যাচ দুটি শুরু হয়েছে।
সোমবার সারানস্কে ইরান প্রথমার্ধের প্রায় পুরো সময়ই পর্তুগালকে গোল বঞ্চিত রাখতে সক্ষম হয়েছিল। ফাঁকে নিজেরাও চেষ্টা করেছে আক্রমণে যেতে। তবে প্রথমার্ধের শেষ মিনিটে রিকার্ডো কোয়ারেসমার গোলে শেষ পর্যন্ত এগিয়ে যায় পর্তুগাল। ডান দিক থেকে বল নিয়ে আক্রমণের সূচনা করেন তিনি। বল পাস দিয়ে সামনে এসে সতীর্থের কাছ থেকে সেই বল আবার নিজের নিয়ন্ত্রণে নেন। ডান দিকে বক্সের বাইরে থেকেই কোনাকুনি শটে দুর্দান্তভাবে গোল করেন তিনি।
অপরদিকে কালিনিনগ্রাদে মরক্কোর বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে আছে স্পেন। মাত্র ১৪ মিনিটে বৌতেয়েবের গোলে শুরুতে এগিয়ে যায় মরক্কোই। তবে পাঁচ মিনিটের ব্যবধানে ইসকোর গোলে সমতায় ফিরে স্পেন। প্রথমার্ধে এই সমতা ভেঙে আর সামনে এগিয়ে যেতে পারেনি কোনও দল।
বি গ্রুপ থেকে মরক্কোর শেষ ষোলোতে যাওয়ার কোনও আশা নেই। চার পয়েন্ট করে নিয়ে স্পেন ও পর্তুগাল আছে উপরে। আর ইরানের অর্জন তিন পয়েন্ট। পর্তুগালকে হারালে ইরান যেতে পারবে শেষ ষোলোতে। তবে স্পেন ও পর্তুগালের জন্য নকআউটে যেতে ড্র’ই যথেষ্ট হবে।
ইত্তেফাক/কেআই