ইন্দুরকানীতে ৬ দিন ধরে যুবক নিখোঁজ

পিরোজপুরের ইন্দুরকানীতে ৬ দিন ধরে আবুল বাশার মোল্লা (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টায় জমি বিক্রির ৬ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। নিখোঁজ বাশার মোল্লা উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের কৃষক সুরাত মোল্লার ছেলে।
 
এ ঘটনায় নিখোঁজের বিষয়ে সোমবার দুপুরে (২৫ জুন) তার পিতা সুরাত মোল্লা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি জিডি করেন।
 
নিখোঁজের পিতা সুরাত মোল্লা সাংবাদিকদের জানান, তার ছেলে বাশার জমি বিক্রি করা ৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ইন্দুরকানী বাজারের দিকে রওয়ানা দেন। এরপর তিনি মঙ্গলবার সকাল পর্যন্ত আর বাড়িতে ফিরে আসেনি। তার সঙ্গে কোন মোবাইলও ছিল না। ঐদিন থেকে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েও ছেলের কোন সন্ধান পাননি তিনি।
 
ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, আবুল বাশার মোল্লা নামে এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়ে খোঁজ নিচ্ছি।
 
ইত্তেফাক/নূহু