কালিয়ায় নিখোঁজ যুবকের লাশ খুলনা থেকে উদ্ধার

নড়াইলের কালিয়া থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর গত সোমবার বিকালে ইনসান মোল্যা (৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করেছে খুলনা সদর থানা পুলিশ। উপজেলার চাচুড়ী বাজারের ওই ব্যবসায়ী গত ২১ জুন সকালে চাচুড়ি বাজার থেকে নিখোঁজ হন। তিনি কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের ইঞ্জিল মোল্যার ছেলে। ওই ঘটনায় সাবেক প্রেমিকাকে আসামি করে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরিয়ম নামের ওই নারীকে আটক করেছে।
 
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে চাচুড়ি বাজারের নিজের মোবাইল সার্ভেসিংয়ের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সারা দিনে আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজ করার পর সন্ধ্যান না পেয়ে গত শুক্রবার নিহতের বোন কালিয়া থানায় একটি জিডি  করেন।
 
নিহতের ভাই তৌরুত মোল্যা জানিয়েছেন, ইনসান নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে ০১৬৩৩৭৯৪১৭৬ একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অপরিচিতরা ইনসানের মুক্তির জন্য ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দাবিকারীদের কথামতো তিনি খুলনায় গিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় খুলনার হোটেল আজমল প্লাজায় (পিকচার প্যালেস মোড়) একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে এমন খবর শুনে তিনি সেখানে গিয়ে ইনসানের গলিত লাশ সনাক্ত করেন।
 
তিনি আরও জানান, তাদের পার্শ্ববর্তী লাঙ্গুলিয়া গ্রামের কালাম বিশ্বাসের মেয়ে মরিয়মের সঙ্গে নিহতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক কারনে তাদের ঘর বাঁধা সম্ভব না হওয়ায় গত ৮ মাস আগে ইনসানকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। ঘটনাটি সে সময় আদালত পর্যন্ত গড়ায়। 
 
কালিয়া থানার ওসি (তদন্ত) বলেছেন, কালিয়া থানা পুলিশের সহযোগিতায় খুলনা সদর থানা পুলিশ মরিয়মকে গ্রেফতার করেছে। ওই ঘটনায় নিহতের ভাই তৌরুত মোল্যা বাদী হয়ে খুলনা সদর থানায় মরিয়মের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/নূহু