র্যাব-৬ এর একটি টহল দল অস্ত্র ও গুলিসহ এক 'জঙ্গি'কে গ্রেফতার করেছে। আটক 'জঙ্গি' ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের তারিকুল ইসলাম রুবেল, ওরফে আব্দুল্লাহ, ওরফে আবু সালাম আল মুজাহিদ ওরফে মুহাম্মদ বিন কাশেম ওরফে তাহিদুল ইসলাম বিদুয়ান ( ২২ )। সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ইছাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্প প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়্, গ্রেফতারকৃত তারিকুল ইসলাম রুবেল জঙ্গি সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য। সে শারিরীক কসরত, বোমা ও বিষ্ফোরক তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত। সে বেশ কিছুদিন যাবত পোতাহাটি গ্রামের আফজাল হোসেন মাস্টারের বাড়িতে আত্মগোপনে থেকে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের একটি আলমারির ভিতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, জিহাদী বই, ১টি পাসপোর্ট, ১টি মোবাইল ফোন ও ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে সে আরো জানিয়েছে, ২০১৫ সাল থেকে সে জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত। তার দলে আরো ৭ জন সদস্য আছে। তাদের একটি নাশকতার পরিকল্পনা ছিল। ভারতের কাশ্মির বা সিরিয়া গিয়ে সেখানকার জঙ্গিদের সঙ্গে মিলিত হওয়ারও পরিকল্পনা ছিল।
ইত্তেফাক/নূহু