কামারখন্দে বাস দুর্ঘটনায় হেলপার নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি রাস্তার ওপর পড়ে থাকায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়।
 
মঙ্গলবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। 
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের মধ্যে বাসযাত্রী ছাড়াও পথচারীও রয়েছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার কারণে রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে রাস্তা স্বাভাবিক করে দেয়।
 
ইত্তেফাক/নূহু