রংপুরের মিঠাপুকুর উপজেলার মরাহাটি বাজারে একটি গোডাউন থেকে কালোবাজারে বিক্রির জন্য রাখা ৬৫ বস্তা ভিজিএফের চাল গতকাল সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত চালগুলো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মিঠাপুকুরের বালুয়ামাসুমপুর ইউনিয়নের মরাহাটি বাজারে আব্দুল খালেকের গোডাউনে অভিযান চালিয়ে ৬৫ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। চালের বস্তার গায়ে সরকারী সিলমোহর ছিল। চালের বস্তাগুলো উদ্ধার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী মিঠাপুকুর থানার এসআই জহুরুল ইসলাম জানান, উদ্ধারের সময় চালের বস্তার মালিককে পাওয়া যায়নি।
গোডাউনের মালিক আব্দুল খালেক জানান, ঈদের আগে আমার কাছে ৫ জনে মিলে ৫০কেজি করে ওই ৬৫ বস্তা চাল বিক্রি করেছিল। সেগুলো আমার গোডাউনে ছিল। পুলিশ এসে সেগুলো নিয়ে গেছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মইনুল হোসেন জানান, ঈদের আগে আমি ভিজিএফের চাল বিতরণ করেছি। বাজারের গোডাউনে কিভাবে এতগুলো চালের বস্তা উদ্ধার হলো তা বুঝতে পারছি না। চালের বস্তাগুলো পুলিশ নিয়ে গেছে। তারা তদন্ত করে বের করবে।
ইত্তেফাক/নূহু