সাভারে একটি শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে শ্রমিক কলোনির ১০টি কক্ষ এবং ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের মধুপুর মহল্লার ফজল মন্ডলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী জানায়, দুপুর দেড়টার দিকে মধুপুর এলাকার ফজল মন্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনিতে হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হলে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে শ্রমিক কলোনির ১০ টি কক্ষ এবং ভিতরে থাকা মামলাল পুড়ে ছাই হয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় দুটি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ইত্তেফাক/নূহু