বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মুস্তফা আলীর তৃতীয় নামাজে জানাজা কুমিল্লা আদালত প্রাঙ্গণে বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন আদালত জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আবু তাহের।
এতে কুমিল্লা আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীরা, জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রাজনৈতিক-সামাজিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতারা অংশগ্রহণ করেন।
জানাজার আগে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জেলা ও দায়রা জজ কেএম শামছুল আলম, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান প্রমুখ।
জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিচারক, আইনজীবী সমিতি এবং সিটি করপোরেশন, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এর আগে বুধবার সকাল সাড়ে ৮টায় নগরীর পুরাতন চৌধুরীপাড়া জামে মসজিদে দ্বিতীয় এবং মঙ্গলবার বাদ এশা রাজধানীর কাকরাইল এলাকার সার্কিট হাউজ রোডের একটি মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টার দিকে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলা দৌলখাড় ইউনিয়নের দেওভার গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ যোহর আরেকটি জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইত্তেফাক/আরকেজি