বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থার প্রবর্তন চায় জাতীয় পার্টি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এই দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরে বলেন, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলংকাসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো প্রাদেশিক সরকার ব্যবস্থার সুফল পাচ্ছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে (খাবার বাড়ি) জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ‘বাংলাদেশ প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন।
জাতীয় যুবসংহতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদির লিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমান, প্রধান সমন্বয়কারী আব্দুর নূর বড়ভূইয়া, সাবেক সংসদ সদস্য শহিদুর রহমান, উপদেষ্টা ও প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী, উপদেষ্টা ইসমাইল আনসারী, কেন্দ্রীয় সদস্য জসিমউদ্দিন চৌধুরী ও মাহবুবুর রহমান অনিক, যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি ওয়াহিদ ফেরদৌস প্রমুখ।
সেমিনারে বক্তারা দলমত নির্বিশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রাদেশিক সরকার ব্যবস্থার প্রস্তাব প্রবর্তনের দাবি জানিয়ে বলেন, আগামী নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে দ্রুত উন্নয়ন এবং নতুন শতকে উন্নয়নশীল দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে অগ্রসর করে নেওয়া সম্ভব।
সেমিনারে এরশাদের দেওয়া প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন-এর ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলুর স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ