উড়ো চিঠি দিয়ে নারায়নগঞ্জ আদালত উড়িয়ে দেওয়ার হুমকি

মাদক মামলার এক আসামিকে জামিন না দিলে নারায়ণগঞ্জ আদালত উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকনসহ তাঁর পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
 
গত বুধবার ‘রতন, পিতা আবুল বাশার, উত্তর ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ’ এই ঠিকানা থেকে ওই চিঠিটি রেজেস্ট্রি ডাকযোগে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকনের কাছে আসে। সে রাতেই তিনি এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 
ওয়াজেদ আলী খোকন জানান, 'চিঠিটি হাতে লেখা এবং রেজেস্ট্রি ডাকযোগে আমার ঠিকানায় আসে। প্রেরিত চিঠিতে রাশেদুল ইসলাম রিফাত নামে ফতুল্লা থানায় দায়েরকৃত মাদক মামলার এক আসামিকে তাড়াতাড়ি জামিন না দিলে আমাকেসহ আমার কর্মস্থল কোর্ট কাচারি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।'
 
তিনি জানান, পত্রলেখক বলেছে, 'আমরা শুধু মাদক ব্যবসায়ীই নই; আমাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ- সালমুন, পটাসিয়াম, ক্লোরাইড, গন্ধক, আয়রন, বোম, পটকা, এ কে ৪৭ রাইফেল, এসএমজি, টু টু গান আধুনিক পিস্তল ও রাইফেল আছে।' এ হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ওয়াজেদ আলী খোকন। তিনি ফতুল্লা মডেল থানায় এর সুষ্ঠু তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 
ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, 'হুমকিদাতাকে খুঁজে বের করা হবে। পুলিশের একটি টিম তাকে খুঁজছে। আশা করি তাকে পেয়ে যাবো।'
 
ইত্তেফাক/নূহু