চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় গত বুধবার রাতে এবং গতকাল পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় একজন এসআই ও আনসারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত এসআই বিপ্লব হোসেন (৩৫), আনসার সদস্য দিদারুল ইসলাম (৩৩), মেহেরাজ হোসেন (৩০), এনামুল হুদা (২৮) ও এহসানুল হককে (৩১) আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাছাড়া আরো কমপক্ষে ৬ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই ঘটনায় পুলিশ গণ্ডামারা বড়ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ও তার ভাই মনির হোসাইনকে গ্রেফতার করেছে। জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি ধরতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গত বুধবার গভীর রাতে এসআই বিপ্লব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ প্রকল্প এলাকায় লোকজনের বসতবাড়িতে হানা দেয়। পুলিশ ও আনসার সদস্যরা লোকজনকে গ্রেফতার করতে চাইলে আসামিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের ৩টি অস্ত্র খোয়া গেলেও পরবর্তীতে অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সংঘর্ষের পর থেকে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বাঁশখালী হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জুবোরিয়া শারমিন বলেন, আহত পুলিশদের ভোর ৫টায় হাসপাতালে নিয়ে এলে আমি অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
বাঁশখালী থানার ওসি সালাহউদ্দিন হিরা জানান, মামলার আসামি ধরতে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুরো এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/নূহু