এপ্রিলে দেশব্যাপী কৃষি শুমারির তথ্য সংগ্রহ করা হবে

আগামী বছরের এপ্রিল মাসে দেশব্যাপী সকল খানার কৃষি (শস্য, মত্স্য ও প্রাণিসম্পদ) অবকাঠামোর তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে প্রস্তুতিমূলক জোনাল অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোনাল অপারেশনে দেশের সকল সাধারণ খানায় সংক্ষিপ্ত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তী পর্যায়ে কৃষি, প্রাণিসম্পদ ও মত্স্য খানাসমূহের তালিকা তৈরি করে নির্বাচিত খানাসমূহে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। ইতিপূর্বে অনুষ্ঠিত শুমারিতে মত্স্য খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হয়নি। এই প্রথম বারের মতো শুমারিতে মত্স্য খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হবে।

কৃষি শুমারি-২০১৮ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম জোনাল অপারেশনে নিয়োজিত বিভাগীয়/জেলা শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গতকাল আগারগাঁওস্থ বিবিএস ভবনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। তিনি বলেন, বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, গবেষণা সংস্থা, কৃষি বিষয়ক সংস্থাসমূহের পরিকল্পনা প্রণয়নে ও নীতি নির্ধারণের জন্য হালনাগাদ কৃষি বিষয়ক তথ্য-উপাত্ত প্রয়োজন। এ জন্য এই শুমারি করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—বিবিএস এর অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস এবং মো. আবুয়াল হোসেন। বক্তব্য দেন বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জাফর আহাম্মদ খান জানান, কৃষি অবকাঠামোর বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি কৃষি ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই শুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাদ্য নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও শুমারির মাধ্যমে সংগ্রহ করা হবে।