মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৯ জুন শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিম পাড়ায় বেগুনবাড়ী সড়কের পাশে হামিদুল ইসলামের লেবু ও আনারসের বাগান থেকে মুখ, হাত, পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। নিহতের নাম জুয়েল রানা (২৪)। সে বেগুনবাড়ী এলাকার জাহের উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, জুয়েল বিষামনি এলাকায় শচিন্দ্র বৈদ্যের মার্কেটে বিকাশ, ফ্লেক্সিলোড, কম্পিউটার ডাউন লোডের ব্যবসা করতো। সে প্রতিদিন রাত দুইটা তিনটার দিকে বাড়িতে ফিরতো। ঘটনার দিন ২৮ জুন বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে মেরে ফেলে রেখে চলে যায়। শুক্রবার সকালে পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পিতা জাহের উদ্দীন বলেন, জুয়েলের সঙ্গে এলাকায় কিংবা ব্যবসায়ীক কোন শত্রুতা ছিলো না। তবে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক একটি সমস্যা নিয়ে ইতিপূর্বে তার শ্বশুড়বাড়ীর লোকজনদের কলহ বাঁধে বলে জানান তিনি।
শ্রীমঙ্গল থানার এসআই কামাল হোসেন বলেন, নিহত জুয়েলকে মাথায় ও কপালে আঘাত করে এবং শ্বাস রোধ করে মারা হয়েছে। এ ব্যপারে তাৎক্ষনিক একটি সাধারণ ডায়েরী (নং-১৮৯২, তাং-২৯/০৬/১৮) করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু