সালথায় গলায় ফাঁস দেওয়া কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় গলায় ফাঁস দেওয়া কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রূপসী আক্তার (১৭)। প্রতিবেশীরা বলছে, চিকিৎসার অভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রূপসী।
 
শুক্রবার সকাল ১১টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আশ্রায়ন কেন্দ্র থেকে রূপসীর লাশ উদ্ধার করে পুলিশ। রূপসী ওই আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দা আকু শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে পেটে ব্যাথাজনিত রোগে ভূগছিল। 
 
আশ্রায়নের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০টায় পেটের  ব্যাথা মারাত্মকভাবে বেড়ে গেলে তা সহ্য করতে না পেরে গলায় উড়না পেচিয়ে নিজ ঘরেই আঁড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে রূপসী।
 
নিহতের মা নিহার বেগম বলেন, মেয়েটি দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভূগছিল। টাকার অভাবে মেয়েটিকে আমরা চিকিৎসা করাতে পারি নাই। ঘটনার রাতে আমার স্বামী খালে মাছ ধরতে গিয়েছিল। আমি আমার স্বামীকে খাবার দিতে গিয়েছিলাম। ঘরে ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওড়না কেটে নামায়। আমরা তাৎক্ষনিকভাবে রূপসীকে নগরকান্দা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাই। সেখানে কর্ত্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আজ সকালে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত ও তদন্ত শেষে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
 
ইত্তেফাক/নূহু