গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

 
সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শনিবার গোবিন্দগঞ্জের আদিবাসী সাঁওতালরা ব্যানার, ফেস্টুন ও লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল নিয়ে জয়পুর-মাদারপুর থেকে সাপমারা যাওয়ার পথে কাটা মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে। 
 
পরে তারা সাপামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে সাঁওতাল বিদ্রোহে সিদু, কানুসহ নাম না জানা শহীদ ও বাগদাফার্মে পুলিশের গুলিতে নিহত শ্যামল-রমেশ-মঙ্গলসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করে।   
 
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের শুরুতেই অনুষ্ঠিত হয় আদিবাসী শিল্পীদের পরিবেশনায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 
সমাবেশে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্রনাথ সিং, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব তারিক হোসেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, আদিবাসী নেতা গণেশ মুর্মু, সুফল হ্রেমব্রম, থমাস হেমব্রম, বার্নাবাস টুডু, প্রিসিলা মুর্মু, অলিভিয়া মার্ডি প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি