রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে র্যাব-২। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শেরেবাংলা নগরের শিশু মেলা সংলগ্ন আবছা ফাঁকা ও অন্ধকারাচ্ছন্ন স্থান থেকে ওই ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. লিটন (৩৪), মো. সুমন সরদার (২৪), মো. নেহার (২০), মো. সুজন (১৬) মো. লিটন (৩০) ও মো. ফারুক (২৬)।
র্যাব-২ এর সিনিয়র এএসপি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিশু মেলার পশ্চিম গেইটের দক্ষিণ পাশে আবছা ফাঁকা ও অন্ধকারাচ্ছন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি ছুরি, ৩টি সিমসহ মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা রবিউল জানান, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এ রকম দুই বা ততোধিক দল সংঘবদ্ধ হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এমআই