মনসুর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নাসিরনগরে মনসুর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ রবিবার (১ জুলাই) দুপুরে ঘন্টাব্যাপী নাসিরনগর- রতনপুর সড়কের দুইপাশে মানববন্ধন করেছে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ শতশত নারী-পুরুষ। এ সময় বক্তারা মনসুর হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা ও শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানায়। পরে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

উল্লেখ্য,গত ২৩ জুন নাসিরনগরে সম্পত্তি বন্টনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মনসুর মিয়া (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী পেয়ারা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি।

ইত্তেফাক/নূহু