চট্টগ্রামে শিশু হত্যা মামলায় শিক্ষানবীশ আইনজীবী রিমান্ডে

চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইনহাস বিনতে নাসিরকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার রিজুয়ান কবির রাজু নামে এক শিক্ষানবীশ আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য দু‘দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
 
চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ রবিবার এই আদেশ দিয়েছেন। আসামি রাজু ইনহাস বিনতে নাসিরের এক চাচির ছোট ভাই। তিনি সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর শিকু আরা বেগমের ছেলে। 
 
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, হত্যাকাণ্ডের পর ইনহাসকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গিয়েছিল এই রাজু। 
 
গত বুধবার নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় লায়লা ভবন নামের একটি বাসায় ঢুকে ইনহাসকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিনে বৃহস্পতিবার রাতে ইনহাসের নানা মো. নাসির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এই মামলায় গ্রেফতার হওয়া রাজুকে গত শুক্রবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
 
ইত্তেফাক/ইউবি