বয়সসীমা ৩৫ করার সুপারিশ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিকে শুভেচ্ছা

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে। 
 
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর পক্ষ থেকে সোমবার স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়। 
 
এর আগে গত ২৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করণের জন্য সুপারিশ করা হয়েছে। 
 
এ সময় ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, স্থায়ী কমিটির সভাপতি আমাদের জানিয়েছেন খুব শিগগিরই চাকরিতে আবেদনের বয়স বাড়ানো হবে। আমরা আশা করছি- সরকার আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয় প্রজ্ঞাপন জারি করবে। চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর বিষয় নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে । সংসদ, কেবিনেটসহ বিভিন্ন সময় এটা নিয়ে আলোচনা হয়েছে। যদি চলতি মাসের মধ্যে এ বিষয় কোনো সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো। কারণ সামনে নির্বাচন, আমাদের কোনোভাবেই নবম সংসদের মত আশ্বাসে রাখা যাবে না। 
 
নবম সংসদ নির্বাচনের সময় সরকার বয়স বাড়ানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। তাহলে সরকার চরম ভুল করবে, বঞ্চিত হবে প্রায় অর্ধ কোটি উচ্চশিক্ষিত ভোটার ও তাদের পরিবারসহ প্রায় ২ কোটি ভোট থেকে। 
 
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- হারুন-অর-রশিদ, মার্জুক হোসেন মিলন, কামরুন নাহার ঝুমা, রিপা ইসলা, বিজিত সিকাদার, মুসলে উদ্দিন তরুণ, তানভির আহম্মেদ, অনিন্দ্য রায়, জেবুন নেসা প্রমুখ। 
 
ইত্তেফাক/ইউবি