সাংবাদিক আনিস আহমেদ আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ আর নেই। আজ সোমবার সকাল সাড়ে আটটায় রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদী হোমস লিমিটেড এলাকায় নিজ বাসভবনে মারা যান। (ইন্নালিল্লাহি----রাজিউন)। তিনি কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। 
 
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ  অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আনিস আহমেদ বার্তা সংস্থা বাসস ও রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 
 
আজ সোমবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব চত্বরে আনিস আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
 
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আনিস আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
 
ইত্তেফাক/এমআই