ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দু’ম্যাচে চার গোল, কিন্তু শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে গোলবিহীন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। তবে কি গোল করতে ভুলে গেছেন তিনি! না, গোল করতে ভোলেননি লুকাকু। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের বিপক্ষে গোল পাবেন বলে জানিয়ে দিলেন লুকাকু।
গ্রুপ পর্বে পানামা ও তিউনিশিয়ার বিপক্ষে দু’টি করে চার গোল করেন লুকাকু। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। বিশ্রাম দিয়ে লাভ হয়নি লুকাকুর। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে এবং শেষ আটে ব্রাজিলের বিপক্ষে গোল পাননি তিনি। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন লুকাকু। ফ্রান্সের বিপক্ষে ম্যাচেই স্ব-মহিমায় ফিরবেন বলে দৃঢ়বিশ্বাস লুকাকুর।
লুকাকু বলেন, ‘প্রথম দু’ম্যাচে গোল করেছিলাম। কিন্তু শেষ দু’ম্যাচে গোল করতে পারিনি। এ জন্য আমি চিন্তিত নই। কারণ, শেষ দু’ম্যাচে আমার ভুলেই গোল করতে পারিনি। এমন ভুল না করার চেষ্টা করবো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচেই গোল পেয়ে যাবো বলে আশা করি। আমার লক্ষ্যই থাকবে, যেকোনো উপায়ে গোল করা।’
ইত্তেফাক/মোস্তাফিজ