গ্রুপ পর্বের ম্যাচে পরিকল্পনার বেড়াজালে লিওনেল মেসিকে আটকে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ক্রোয়েশিয়া। ঐ জয় থেকে এখন চলতি ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া। আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এ ম্যাচে ক্রোয়েশিয়ার সামনে বড় বাঁধা অধিনায়ক হ্যারি কেন।
ইতোমধ্যে একটি হ্যাট্রিকসহ ৪ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে কেন। সেমির ম্যাচেও কেন জ্বলে উঠবেন তা বুঝতে পারছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডালিচ। তাই কেনকে আটকানোর পরিকল্পনা কষছেন তিনি। তবে সেই পরিকল্পনায় নতুন কিছু নেই। আর্জেন্টিনার বিপক্ষে মেসিকে যে পরিকল্পনার বেড়াজালে ফেলেছিলেন, আগামীকালের ম্যাচে কেনকেও আটকে রাখার হুমকি দিলেন ডেলিচ।
তিনি বলেন, ‘এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করা খেলোয়াড়দের একজন কেন। এরমধ্যে সবচেয়ে বেশি গোল তারই। তাকে থামানো কঠিন। আমাদের ভালো ডিফেন্ডার ও মিডফিল্ডার আছে। আমরা মেসিকে যেভাবে আটকাতে পেরেছি। ঠিক সেভাবেই কেনকে আটকাতে পারবো বলে আশা রাখি।’
তিনি আরো বলেন, ‘ক্রোয়েশিয়া কখনো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। এবার ভালো সুযোগ তৈরি হয়েছে। তাই এই সুযোগ কাজে লাগাতে চাই আমরা। এজন্য যা করার সব কিছুই করতে হবে খেলোয়াড়দের।’
ইত্তেফাক/মোস্তাফিজ