সুদানের খার্তুমে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সুদানে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত গোলাম মসীহ। স্হানীয় সময় সোমবার বিকেলে সুদানে বসবাসরত প্রায় ২০০ বাংলাদেশী অভিবাসীদের সঙ্গে স্থানীয় নীল নদে ভাসমান একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান, দ্বিতীয় সচিব মোঃ বশির ও প্রেস উইংয়ের দ্বিতীয় সচিব মোঃ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত স্থানীয় বাংলাদেশিদের যে কোন সমস্যায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস কাছে রয়েছে বলে জানান। তিনি অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট হারানো, নতুন করে পাসপোর্ট ইস্যু অথবা যে কোন প্রয়োজনে দূতাবাস সহযোগিতা করবে বলে জানান।
এছাড়া অভিবাসী শ্রমিকদের জরুরী প্রয়োজনে সুদানে বাংলাদেশের অনারারী কনস্যুলেট অফিসে যোগাযোগ করার জন্য আহবান জানান।
সৌদি আরবের প্রেস উইংয়ের দ্বিতীয় সচিব মোঃ ফখরুল ইসলাম রাষ্ট্রদূতের বরাত দিয়ে বাংলাদেশি অভিবাসীদের সুদানের আইন কানুন মেনে চলার আহবান জানান। রাষ্ট্রদূত সুদানে মানব পাচারসহ যে কোন অবৈধ কাজে না জড়ানোর জন্য বাংলাদেশি অভিবাসীদের অনুরোধ করেন।
পাসপোর্ট সহ অন্যান্য সমস্যার সমাধানের লক্ষে রাষ্ট্রদূত সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে নিয়মিতভাবে কন্সুলার টিম পাঠানোর বিষয়ে আশ্বাস প্রদান করেন। অভিবাসী বাংলাদেশিগণ বিভিন্ন বিষয়ে দূতাবাসের সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন দূতাবাস সব সময় তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে দ্বিতীয় সচিব মোঃ বশিরের উপস্থাপনায় আরও বক্তব্য প্রদান করেন সুদান অভিবাসী মোঃ শহিদ।
ইত্তেফাক/নূহু